গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ককটেল তৈরি করতে গিয়ে বিস্ফোরণে আহত হয়েছেন মতিউর রহমান (২৫) নামের এক যুবক। এতে তার হাত–পা ও মুখমণ্ডল ঝলসে গেছে।
সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার নিলফা বাজার এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন।
স্থানীয় সূত্র জানায়, বাড়িতে বসে ককটেল বা বোমা তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে মতিউর রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সন্দেহজনক বিষয় বিবেচনায় তাকে পুলিশ পাহারায় খুলনায় পাঠানো হয়েছে।
আহতের স্বজনরা দাবি করেছেন, একটি বিয়ের অনুষ্ঠানের জন্য আতশবাজি তৈরি করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। তবে চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তার শরীরের ক্ষতের ধরন আতশবাজির বিস্ফোরণের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অসীম কুমার ধর জানান, আহতের ক্ষত দেখে এটি আতশবাজির বিস্ফোরণ বলে মনে হয়নি। ক্ষতের ধরন দেখে ককটেল বা হাতবোমার বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি বিশেষজ্ঞরা নিশ্চিত করতে পারবেন।
গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন জানান, ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।