কুষ্টিয়া জেলায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ নারীসহ পাঁচজন নিহত হয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় শহরের বাইপাস সড়কের ‘কুষ্টিয়া ষ্টোর‘ নামক ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ।
নিহতরা হলেন– আমেনা খাতুন (৬৫) ও কমেলা খাতুন (৬২), সিএনজিচালক জাকারিয়া সরকার (৪০), আশরাফুল (২৮) ও শিরিনা খাতুন (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি শহরের ত্রিমোহনী থেকে বাইপাস হয়ে খাজানগর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি‘র সঙ্গে ধাক্কা খায়। এতে অটোরিকশাটি দুমড়ে–মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও ২ জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও কুষ্টিয়া ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন।
কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, সড়ক দুর্ঘটনায় মোট ৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে, বিকাল সোয়া ৪টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে নিহতদের লাশ দেখতে যান জেলা প্রশাসক ইকবাল হোসেন।
তিনি জানান, নিহতদের পরিবার সদস্যদের বিআরটিএর মাধ্যমে সরকারিভাবে ৫ লাখ টাকা করে দেয়া হবে।
এসএ