চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন। এতে দেড় যুগ পর সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবারের নাম আবার রাঙ্গুনিয়ার রাজনীতিতে ফিরেছে।
হুম্মাম কাদের চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ২৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এটিএম রেজাউল করিম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯ হাজার ৪৮৫ ভোট।
চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) আসনের মোট ভোটার ছিলেন ৩ লাখ ১৩ হাজার ১৬৪ জন। বেসরকারি ফলাফল অনুযায়ী প্রদত্ত ভোট ১ লাখ ৭৫ হাজার ৩৭৬ ভোট। বৈধ ভোট ১ লাখ ৭১ হাজার ৭২৮। বাতিল ৩ হাজার ৬৪৮ ভোট। ভোটের হার ৫৬%।
বিজয়ী হওয়ার পর হুমাম কাদের চৌধুরী বলেন, বিজয়ী হওয়ার অর্থ অন্যদের ওপর অত্যাচার বা প্রতিহিংসা করা নয়। নতুন রাঙ্গুনিয়া ও বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সালাউদ্দিন কাদের চৌধুরী ওই অঞ্চলের রাজনীতিতে ছিলেন কিংবদন্তি। ১৯৭৯, ১৯৮৬, ১৯৯৬ ও ২০০১ সালে তিনি চার দফা সংসদ সদস্য নির্বাচিত হয়ে রাঙ্গুনিয়ার রাজনীতিতে নিজের ধারাকে প্রতিষ্ঠা করেছিলেন। সাধারণ মানুষের কাছে তিনি ছিলেন ভরসার নাম। উন্নয়নমুখী, স্পষ্টভাষী এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী।