
মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই আসবে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ড ‘সবুজ সংকেত‘ দিলেই ঢাকার উদ্দেশে রওনা দেবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স।
শনিবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী।
তিনি বলেন, ‘ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে। তাঁরা এখন সেভাবে প্রস্তুত আছেন। মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে, তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা হবে এবং বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাবে। সবকিছুই কাতার কর্তৃপক্ষ অ্যারেঞ্জমেন্ট করেছে।’
জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনার বিষয়ে জানতে চাইলে এনামুল হক চৌধুরী আরও বলেন, ‘আমরা নই, কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছে।’
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে। বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এসএ








