
৪ দিনের রিমান্ডে সাবেক সিইসি নুরুল হুদা

প্রহসনের নির্বাচন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা’র ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৩ জুন) বিকেল ৩টার দিকে কে এম নুরুল হুদা‘কে আদালতে আনা হয়। শুনানি শেষে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজ রহমান এ আদেশ দেন।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ–পরিদর্শক শামসুজ্জোহা সরকার মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালত পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ড চেয়ে শুনানি করেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত ৩টি জাতীয় নির্বাচনে অনিয়ম–কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে রবিবার (২২ জুন) মামলা করেছে বিএনপি। মামলায় মোট ২৪ জনকে আসামি করা হয়েছে।
রাজধানী শেরেবাংলা নগর থানায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন খান বাদী হয়ে এ মামলা করেন।
এসএ








