
৫১ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত দিলো মালয়েশিয়া

ভুয়া কাগজপত্র ও কর্তৃপক্ষকে ফাঁকি দেওয়ার অভিযোগে ৫১ জন বাংলাদেশিকে প্রবেশ করতে দেয়নি মালয়েশিয়া।
বৃহস্পতিবার (২০ মার্চ) মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে হোটেল বুকিংয়ের নকল কাগজ ও ইমিগ্রেশন ফাঁকি দেওয়ার চেষ্টা করলে তাদের আটক করে কর্তৃপক্ষ।
মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সংস্থা (একেপিএস) জানিয়েছে, বিমানবন্দরে আগত যাত্রীদের মধ্য থেকে এলোমেলোভাবে ৬৭ জনকে তল্লাশি করার সিদ্ধান্ত নিয়েছিল তারা। তার মধ্যে ৫১ জনই কোনও না কোনও অপরাধ করেছে। তাদের মধ্যে কয়েকজন কর্মকর্তাদের চোখ এড়ানোর আশায় এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিল।
একেপিএস আরও জানান, কয়েকজন ইমিগ্রেশন অফিসারদের থেকে দৌড়ে পালানোর চেষ্টাও করে। তবে তাদের ধরা হয়েছে।
একেপিএস আরও জানান, আটক ব্যক্তিদের কাছে বিভিন্নরকম ভুয়া কাগজপত্র পাওয়া গেছে। মালয়েশিয়ায় আগমনের সঠিক উদ্দেশ্য ব্যাখ্যা করতে তারা ব্যর্থ হয়েছে।
একেপিএসের বিবৃতিতে বলা হয়, আটক ব্যক্তিদের অনেকে স্বীকার করেছেন, তাদের প্রধান উদ্দেশ্য ছিল একটি চাকরি জোটানোর চেষ্টা করা।
পরবর্তী ফ্লাইটে আটক ৫১ ব্যক্তিকে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে একেপিএস।
ইএ/দীপ্ত সংবাদ








