১০ দলের সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক জোট বাংলাদেশে আগামী দ্বাদশ নির্বাচনে ৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে। জোটটি বলছে, আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। গণতান্ত্রিক জোট সেই নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
শনিবার (১২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত এক আলোচনা সভায় ডেমোক্রেটিক পার্টি ও গণতান্ত্রিক জোট বাংলাদেশের চেয়ারম্যান এসএম আশিক বিল্লাহ সভাপতির বক্তব্যে এ ঘোষণা দেন। এ সভায় জোটের অন্যান্য শরিক দলের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
অনুষ্ঠানে আশিক বিল্লাহ বলেন, আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারি প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। কিন্তু সেই নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে।
তিনি বলেন, আমরা জ্বালাও–পোড়াও বা ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাসী নই। বিরোধী বন্ধুদের বলব, আর জ্বালাও–পোড়াও কিংবা জনগণ ও সরকারি সম্পত্তি বিনষ্ট করবেন না। দেশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাবেন না। বিদেশিদের কাছে আর নালিশ করবেন না।
তিনি আরও বলেন, আমরা নির্বাচনকে অবাধ ও অংশগ্রহণমূলক করে তুলি, সরকার ও নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখি। নির্বাচন কমিশন সেই লক্ষে কাজ করে যাচ্ছে। গণতান্ত্রিক জোট বাংলাদেশের ব্যানারে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আরও কিছু নতুন দলও যোগ হতে পারে। এ জোট আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
গণতান্ত্রিক জোট বাংলাদেশের শরিক দলগুলো হচ্ছে ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ জাতীয় লীগ, প্রগতিশীল গণতান্ত্রিক লীগ, গণধিকার পার্টি, ন্যাশনাল রিপাবলিকান পার্টি, বাংলাদেশ প্রতিবাদী জনতা পার্টি, জাতীয় কৃষক শ্রমিক পার্টি, বাংলাদেশ মানবিক আন্দোলন পার্টি, বাংলাদেশ সার্বজনীন পার্টি এবং বাংলাদেশ মানব উন্নয়ন পার্টি।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ