২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী বছরের ১৪ মার্চ থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে ১৫ এপ্রিল শেষ হবে। পরীক্ষা শুরু হবে প্রতিদিন সকাল ১০টায়। তত্ত্বীয় পরীক্ষা শেষে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।
সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের জন্য এ রুটিন প্রকাশ করে। এর আগে দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে পরীক্ষার সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আগে ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারি শুরু করার সিদ্ধান্ত ছিল। নতুন সময়সূচিতে পরীক্ষা শুরুর তারিখ পরিবর্তন করে ১৪ মার্চ করা হয়েছে।
১৪ মার্চ শুরু, শেষ ১৫ এপ্রিল
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ১৪ মার্চ বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে। ১৫ এপ্রিল তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা ২২ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
চূড়ান্ত সময়সূচি অনুযায়ী, ১৪ মার্চ বাংলা প্রথম পত্র, ১৬ মার্চ বাংলা দ্বিতীয় পত্র, ১৮ মার্চ ইংরেজি প্রথম পত্র এবং ২১ মার্চ ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে। আবশ্যিক গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ মার্চ।
এরপর ৪ এপ্রিল রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ; ৮ এপ্রিল হিসাববিজ্ঞান এবং ১৩ এপ্রিল জীববিজ্ঞান ও অর্থনীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৫ এপ্রিল ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষার মধ্য দিয়ে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে।
পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের নিজ নিজ আসনে বসতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। প্রথমে বহুনির্বাচনি এবং পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই অংশের মধ্যে কোনও বিরতি থাকবে না।