শনিবার, মে ১৬, ২০২৬
শনিবার, মে ১৬, ২০২৬

সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এ পর্যন্ত ১৫২টি ফ্লাইটে মোট ৫৯ হাজার ৫৫ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, আজ (১৬ মে) সকাল ১০টা পর্যন্ত এসব ফ্লাইট জেদ্দা ও মদিনা বিমানবন্দরে অবতরণ করেছে।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত ৪ জন নারীসহ মোট ১৫ জন বাংলাদেশি হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১১ জন মক্কায় এবং ৪ জন মদিনায় ইন্তেকাল করেন।

এতে আরও জানানো হয়, গতকাল পর্যন্ত সৌদি মেডিকেল টিমের মাধ্যমে ৩০ হাজার ১২৬ জন এবং আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৭ হাজার ১১০ জন হজযাত্রী চিকিৎসা সেবা পেয়েছেন।

লোকমান হোসেন জানান, এ বছর মোট ৭৮ হাজার ৫০০ জন বাংলাদেশির হজ পালনের কথা রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন রয়েছেন।

এ বছর ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারীসহ মোট ৬৬০টি এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে।

এয়ারলাইন্স ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৬টি ফ্লাইটে ৩০ হাজার ৭৮ জন; সৌদি এয়ারলাইন্সের ৫৪টি ফ্লাইটে ২০ হাজার ৫২১ জন এবং ফ্লাইনাসএর ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৬ জন হজযাত্রী সৌদি আরব ভ্রমণ করেছেন। বাকি ১৯ হাজার ৩২৩ জন হজযাত্রী পর্যায়ক্রমে নির্ধারিত ফ্লাইটে সৌদি আরব যাবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (ইএ৩০০১) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই ফ্লাইটের উদ্বোধন করেন।

হজ অফিসের তথ্যমতে, ঢাকার সৌদি দূতাবাস এ পর্যন্ত ৭৮ হাজার ৩৭৮টি ভিসা ইস্যু করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৩টি ভিসা দেওয়া হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ পালন করার কথা রয়েছে।

হজ পালন শেষে ফিরতি ফ্লাইট ৩০ মে থেকে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More