শিরোনাম
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন

 

হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুস সালাম চাঁপাইনবাবগঞ্জ জেলার রেহাইচর আদর্শপাড়া গ্রামের মোঃ নাঈম উদ্দিনের ছেলে। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রহমান ও স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২২ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব–১২ জানতে পারেন রাজশাহী থেকে একটি ট্রাক মাদকদ্রব্য বহন করে ঢাকার দিকে যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে তাড়াশের মহিষলুটি বাজারে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় র‌্যাব। এমন একটি ট্রাকের গতিরোধ করে তল্লাশি চালানো হয় এবং ট্রাকে থাকা আব্দুস সালামের দেহ তল্লাশি করে ২০৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাবের ডিএডি মোঃ জহির উদ্দিন বাদী হয়ে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘদিন মামলা চলাকালে ছয়জনের সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এই রায় দেন।

 

সিরাজুল/ আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।