দীপ্ত নিউজ
ক্রিকেট

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে ওঠার অপেক্ষায় লিটন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাকিবকে ছাড়িয়ে শীর্ষে ওঠার অপেক্ষায় লিটন

টি–টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহকারী হতে ১৯ রান দরকার লিটন দাসের।

চলমান এশিয়া কাপের সুপার ফোর পর্ব শুরু হতে যাচ্ছে। সুপার ফোর পর্বে তিন ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। তার আগে অনন্য এক রেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। আর মাত্র ১৯ রান করলেই অলরাউন্ডার সাকিব আল হাসানকে টপকে টি–টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক হবেন লিটন।

শনিবার (২০ সেপ্টেম্বর) সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।

টি–টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক সাকিব। ২০০৬ সালে অভিষেক হওয়ার পর ১২৯ ম্যাচের ১২৭ ইনিংসে ২৩ দশমিক ১৯ গড় এবং ১২১ দশমিক ১৮ স্ট্রাইক রেটে ২ হাজার ৫৫১ রান করেছেন তিনি।

এ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন লিটন। এখন পর্যন্ত ১১৩ ম্যাচের ১১১ ইনিংসে ২ হাজার ৫২৪ রান করেছেন তিনি। ২০১৫ সালে টি–টোয়েন্টি অভিষেক হওয়া লিটনের গড় ২৩ দশমিক ৮৯ এবং স্ট্রাইক রেট ১২৬ দশমিক ৪৬।

সাকিবকে টপকে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হতে এখন ১৯ রান প্রয়োজন লিটনের।

চলতি এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৫৯ রানের ইনিংসের পর শেষ দুই ম্যাচে শ্রীলংকা ও আফগানিস্তানে বিপক্ষে যথাক্রমে– ২৮ ও ৯ রান করেন লিটন।

সম্প্রতি সাকিবকে টপকে টি–টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ হাফ–সেঞ্চুরির মালিক হন লিটন। সাকিবের ১৩ হাফ–সেঞ্চুরির রেকর্ড ভাঙ্গেন তিনি। বর্তমানে বাংলাদেশ অধিনায়ক লিটনের অর্ধশতক ১৫টি।

এছাড়াও চলতি এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে টি–টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক হন লিটন। এক্ষেত্রে সাবেক ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদকে পেছনে ফেলেন তিনি। ১৪১ ম্যাচে মাহমুদুল্লাহর ছক্কা ৭৭টি। ১১৩ ম্যাচে লিটন ছক্কা মেরেছেন ৭৮টি।