বাংলাদেশের পোল্ট্রি শিল্পে সর্ববৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান কাজী ফার্মস লিমিটেড এবং এর গ্রুপভুক্ত প্রতিষ্ঠান কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও কাজী মিডিয়া লিমিটেড গত ২০২৪-২৫ অর্থবছরের নিট লভ্যাংশের নির্ধারিত অংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে বাৎসরিক লভ্যাংশের চেক হস্তান্তর করেছে। বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটি তাদের বাৎসরিক লভ্যাংশের দশমিক ৫ শতাংশ হারে ২ কোটি ৭৮ লাখ ৩০ হাজার ১১১ টাকার চেক প্রদান করে।
রবিবার (১৭ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে এই চেক হস্তান্তর করেন কাজী ফার্মস লিমিটেডের পরিচালক কাজী জাহিন শাহপার হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন- কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর শোভন হায়দার চৌধুরী, কাজী মিডিয়া লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর ফারুক, কাজী ফার্মস লিমিটেডের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক এফ এম মুনিরুজ্জামান ও উপ-ব্যবস্থাপক হারুন অর রশীদ।
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, এই তহবিলের অর্থ দুস্থ ও মৃত শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান এবং জরুরি চিকিৎসা সেবাসহ বিভিন্ন কল্যাণমূলক কাজে ব্যয় করা হবে।
রুবায়েত হাসান/দীপ্ত নিউজ