দীপ্ত নিউজ
অর্থনীতি

শর্তসাপেক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেল ৩৭ প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শর্তসাপেক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেল ৩৭ প্রতিষ্ঠান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শর্তসাপেক্ষে ৩৭টি প্রতিষ্ঠানকে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয় রপ্তানি–২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানির জন্য ৩৭ প্রতিষ্ঠানের অনুকূলে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত রপ্তানির সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

তবে মাছ রপ্তানির ক্ষেত্রে বেশকিছু শর্ত দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এগুলো হলো–

১. রপ্তানি নীতি ২০২৪–২৭ এর বিধি–বিধান অবশ্যই মেনে চলতে হবে।

২. অনুমতির মেয়াদ ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।

৩. শুল্ক কর্তৃপক্ষ রপ্তানিযোগ্য পণ্যের সঠিক পরীক্ষা–নিরীক্ষা করবে।

৪. পরবর্তী আবেদনের সময় আগের অনুমোদিত পরিমাণের প্রকৃত রপ্তানি সংক্রান্ত সব প্রমাণপত্র জমা দিতে হবে।

৫. অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রপ্তানি করা যাবে না।

৬. প্রতিটি চালান রপ্তানির সময় শুল্ক কর্তৃপক্ষ ‘ASYCUDA World System’ পরীক্ষা করে অনুমোদিত পরিমাণের অতিরিক্ত পণ্য রপ্তানি হচ্ছে না, তা নিশ্চিত করবে।

৭. এই অনুমতি হস্তান্তরযোগ্য নয়। অনুমোদিত রপ্তানিকারক নিজে রপ্তানি না করে কোনো উপ–ঠিকাদারকে কাজ দিতে পারবেন না।

৮. সরকার প্রয়োজনে যেকোনো সময় এই রপ্তানি অনুমতি বাতিল করতে পারবে।

উল্লেখ্য, ২০২৪ সালে দুর্গাপূজা উপলক্ষে ৩ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তবে পরে এর পরিমাণ ২ হাজার ৪২০ টন করা হয়েছিল।

 

এসএ