
রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান

সৌদি আরবে চলমান বিমানবন্দর হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে চলমান বিমানবন্দর হামলার প্রেক্ষাপটে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী আগামী ১৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত ঢাকা থেকে দাম্মাম এবং রিয়াদগামী সকল ফ্লাইট স্থগিত থাকবে। স্থগিত হওয়া ফ্লাইটগুলোর পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
তবে জরুরি প্রয়োজনে যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থার কথা জানিয়েছে বিমান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জরুরি প্রয়োজনে সম্মানিত যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে গমন এবং সেখান থেকে বাংলাদেশে ফেরত আসতে পারবেন।
যাত্রীদের বাড়তি চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের পরিবর্তে বড় পরিসরের বোয়িং ৭৭৭ উড়োজাহাজ সংযোজন করা হয়েছে। এর ফলে প্রতি ফ্লাইটে আসনসংখ্যা ১৪৮টি বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি জেদ্দা রুটে অতিরিক্ত আরও তিনটি ফ্লাইট পরিচালনার ব্যবস্থা নেওয়া হয়েছে।
টিকিট ও ভ্রমণসংক্রান্ত যেকোনো প্রয়োজনীয় তথ্যের জন্য সম্মানিত যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।





