পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ, শুক্রবার (২ অক্টোবর) দেশে আসছে। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সবকিছু ঠিক থাকলে রাশিয়া থেকে বিশেষ কার্গো উড়োজাহাজে এই জ্বালানি দুপুরের মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
এরপর শনিবার (৩ অক্টোবর) কঠোর নিরাপত্তার মধ্যে বিশেষ ব্যবস্থায় এই জ্বালানি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেয়া হবে। প্রকল্পসংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবারই জ্বালানি দেশে পৌঁছানোর কথা ছিল। শেষ মুহূর্তে ফ্লাইটটি বাতিল করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্র জানায়, স্পর্শকাতর এই পারমাণবিক জ্বালানি বিশেষ কার্গো বিমানে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে দেশে আনা হচ্ছে।
বিমানটি যেসব দেশের আকাশসীমা ব্যবহার করবে, সেসব দেশের কাছ থেকে আগাম অনুমতিও নিতে হয়। বৃহস্পতিবার রাশিয়া ও বাংলাদেশ এ বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন করলেও পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেয়ায় নির্ধারিত ফ্লাইট বাতিল করতে হয়।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ৭টি কার্গো এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য ২টি কার্গোতে মোট ৯টি চালানে পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে।
উল্লেখ্য, আগামী ডিসেম্বর মাসের মধ্যে পুরো জ্বালানি সরবরাহ শেষ করার কথা জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন (রোসাটম)।
এসএ