মুরাদনগরে ইউপি সদস্যকে হত্যার অভিযোগ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কুমিল্লার মুরাদনগরে আনোয়ার হোসেন নামে এক ইউপি সদস্যকে হত্যার অভিযোগ উঠেছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের উত্তর পেন্নই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন শ্রীকাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। তিনি উত্তর পেন্নই গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর থেকে আনোয়ার হোসেন গ্রামের বাইরে অবস্থান করছিলেন। রবিবার ভোররাতে তিনি দলবল নিয়ে গ্রামে এলে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে আনোয়ার হোসেন আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে স্থানীয়রা জানান।

সাবেক ইউপি সদস্য ফিরিজ মেম্বারের দাবি, আনোয়ার হোসেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় প্রভাব বিস্তার করে চুরি, ডাকাতি, জমি দখল, চাঁদাবাজি ও অবৈধ ড্রেজিং ব্যবসাসহ বিভিন্ন কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতেন। তার ভাষ্য, রবিবার ভোররাতে আনোয়ার হোসেন দলবল নিয়ে গ্রামে ডাকাতি করতে আসেন। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে তাদের প্রতিহত করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গণপিটুনিতে আনোয়ার আহত হন।

অন্যদিকে নিহতের চাচাতো ভাই জসিমের দাবি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আনোয়ার হোসেনকে হত্যা করা হয়েছে।

নিহতের স্ত্রী মোমেনা বেগম অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে তার স্বামীর ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে মসজিদের মাইকে ডাকাত ঘোষণা করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম জানান, রবিবার ভোররাতে আনোয়ার ডাকাতির উদ্দেশ্যে গ্রামে প্রবেশ করে। এ সময়ে গ্রামবাসীর হামলায় সে নিহত হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More