দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মার্কিন ও জার্মান আকাশ প্রতিরক্ষার প্রশংসায় পঞ্চমুখ জেলেনস্কি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মার্কিন ও জার্মান আকাশ প্রতিরক্ষার প্রশংসায় পঞ্চমুখ জেলেনস্কি

দীর্ঘদিন ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। যুদ্ধের এই পর্যায়ে সাম্প্রতিক মাসগুলোতে রাজধানী মস্কোসহ রাশিয়ার অভ্যন্তরে হামলার ঘটনা বেড়েছে। অন্যদিকে আকাশপথে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাও ব্যর্থ করার দাবি করছে কিয়েভ।

ইউক্রেনের সেই সাফল্যের রহস্য যেন এবার সামনে এলো। পূর্ব ইউরোপের এই দেশটি মার্কিন ও জার্মান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ‘অত্যন্ত কার্যকর’ বলে উল্লেখ করেছে।

সোমবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছেন বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বেসামরিক ও আবাসিক ভবনগুলোতে রুশ হামলার ব্যাপক চেষ্টা সত্ত্বেও মার্কিন এবং জার্মান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ইউক্রেন ‘উল্লেখযোগ্য ফলাফল’ পাচ্ছে বলে রবিবার মন্তব্য করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এছাড়া হামলা চালানোর জন্য রাজধানী মস্কোর দিকে যাওয়া একটি ড্রোনকে গুলি করে নামানোর কথা জানিয়েছে রাশিয়া। গত এক সপ্তাহের মধ্যে তৃতীয় দফায় এই ধরনের হামলা চেষ্টার ঘটনা ঘটল। এছাড়া উভয় পক্ষের কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে ক্রিমিয়ার সংযোগকারী দু’টি সেতুতে হামলা করেছে ইউক্রেন।

রয়টার্স বলছে, চলমান যুদ্ধে একে অপরের সৈন্য, অস্ত্র এবং যুদ্ধে সহায়তা প্রদানকারী অবকাঠামোগুলোতে আক্রমণ বাড়িয়েছে উভয় দেশ। এছাড়া গত বছর রুশ আক্রমণের পর থেকে দক্ষিণ ও পূর্ব ইউক্রেনজুড়ে মস্কোর দখলে চলে যাওয়া এলাকাগুলো থেকে রাশিয়ান বাহিনীকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইউক্রেন।

শায়লা/ দীপ্ত নিউজ