
মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে হাত–পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা অলিউর রহমান ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তারেক রহমান (২৮) ওই গ্রামের অলিউর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক মালয়েশিয়া প্রবাসী ছিলেন। সেখানে মাদক সেবনের কারণে তাঁকে দেশে পাঠিয়ে দেওয়া হয় বলে স্থানীয়রা জানান। দেশে ফিরে আবারও মাদকের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। নেশার টাকার জন্য প্রায়ই বাবা–মাকে মারধর করতেন বলে অভিযোগ রয়েছে।
বুধবার রাতে মাদকের টাকার জন্য বাড়িতে ভাঙচুর করেন তারেক। এক পর্যায়ে তাঁর বাবা অলিউর রহমান তাঁকে হাত–পা বেঁধে বাড়ির পেছনের একটি গোয়ালঘরে নিয়ে যান। সেখানে মারধরের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তারেকের মৃত্যু হয় বলে জানা গেছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশার জন্য এ ঘটনা ঘটে থাকতে পারে। নিহতের মাথার পেছনে ও ডান কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সেলিম মিয়া





