মাঝে মাঝেই অচেতন হয়ে পড়েন সাহাবুদ্দিন, পদত্যাগ প্রসঙ্গে স্পিকার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গুরুতর অসুস্থতার কারণেই রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তার পদত্যাগপত্রে উল্লেখ করা অসুস্থতার বিষয়গুলো তুলে ধরে স্পিকার জানিয়েছেন, ‘তিনি মাঝে মাঝেই অচেতন হয়ে পড়েন।’

শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে জাতীয় সংসদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে এসব তথ্য জানান স্পিকার।

তিনি বলেন, তিনি (মো. সাহাবুদ্দিন) লিখিতভাবে জানিয়েছেন যে, তিনি গুরুতর অসুস্থ। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানীং স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝেই অচেতন হয়ে পড়েন।

স্পিকার আরও বলেন, এসব রোগের প্রাদুর্ভাব এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার চিকিৎসা প্রয়োজন। এ কারণে তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন।

এর আগে শুক্রবার বিকেল ৫ টা ১ মিনিটের দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার স্বাক্ষরিত পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দেন। পরে স্পিকার জানান, তিনি রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More