রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো একদিনের সরকারি সফরে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতি‘র সফর কেন্দ্র করে সিলেট নগরীতে চলছে ব্যাপক প্রস্তুতি, যা এখন শেষ পর্যায়ে। এরইমধ্যে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পৃথকভাবে সমন্বয় সভা করেছে।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সিলেটে পৌঁছে রাষ্ট্রপতি প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে বিকাল ৩টায় সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে।
নগরীর বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ ও আলোকসজ্জার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা পরিচ্ছন্ন করা হয়েছে।
এদিকে, রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে হযরত শাহপরান (রহ.)-এর মাজারের প্রস্তুতি ও চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি বলেন, রাষ্ট্রপতি মঙ্গলবার সিলেট সফর করবেন। সিলেট একটি পর্যটননগরী। রাষ্ট্রপতি যাতে সিলেটের সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং তার সফরকে কেন্দ্র করে প্রস্তুতিতে কোনো ঘাটতি না থাকে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি।
রাষ্ট্রপতির কর্মসূচির স্থান, যাতায়াতের পথ এবং গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
এসএ