ভারতে এমপি হত্যার ঘটনায় ৩ বাংলাদেশি আটক: স্বরাষ্ট্রমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে নিহত ঝিনাইদহ–৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তারা তিনজনই বাংলাদেশি।

বুধবার (২২ মে) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ধানমন্ডির বাসভবনে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। এসময় তার সঙ্গে ছিলেন পুলিশ প্রধান (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল–মামুন এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঝিনাইদহ–৪ আসনের সংসদ সদস্য গত ১২ মে চিকিৎসার জন্য ভারত গিয়েছিলেন। সেখানে যাওয়ার দুদিন পর থেকে তার আর কোনো খোঁজ আমরা পাইনি। এতে উদ্বিগ্ন হয়ে তার মেয়ে আমাদেরকে বিষয়টি জানায়। বিষয়টি আমলে নিয়ে বাংলাদেশ পুলিশ ভারতীয় পুলিশের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ রাখছিল। সবশেষ ভারতীয় পুলিশের মাধ্যমে আমরা আজ নিশ্চিত হয়েছি, আনোয়ারুল আজিম খুন হয়েছেন। ভারতীয় পুলিশের দেওয়া তথ্য এবং আমাদের সন্দেহ দুটো মিলিয়ে এখন পর্যন্ত আমরা তিনজনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ এবং তদন্ত চলছে। আনারের হত্যার সঙ্গে জড়িত তিনজনই বাংলাদেশি। এখন পর্যন্ত ভারতের কেউ জড়িত থাকার খবর আমরা পাইনি।

মন্ত্রী বলেন, ঝিনাইদহের ওই এলাকাটি অত্যন্ত সন্ত্রাস কবল সীমান্ত এলাকা। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। আমরা শিগগিরই খুনের মোটিভ কি ছিল সেটি জানাবো। ভারতীয় পুলিশ আমাদের সহায়তা করছে। তবে আমরা আপনাদের নিশ্চিতভাবে বলতে পারছি, তিনি (সংসদ সদস্য আনোয়ারুল আজিম) কলকাতার নিউটাউনে খুন হয়েছেন। একটি বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।

 

এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More