দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন রাশিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন রাশিয়ার
বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়া প্রতিবেশী ও মিত্রদেশ বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে। শনিবার (২৫ মার্চ) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘোষণা দেন।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রেসিডেন্ট পুতিন বলেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো দীর্ঘদিন ধরে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিষয়টি উত্থাপন করে আসছিলেন।

কবে নাগাদ পারমাণবিক অস্ত্র বেলারুশে মোতায়েন করা হবে তা উল্লেখ করেননি পুতিন।

তবে তিনি জানান, ইউরেনিয়াম মজুদে ১ জুলাইয়ের মধ্যে একটি স্থাপনা তৈরির কাজ শেষ হবে। প্রশিক্ষণ দেয়া হবে বেলারুশের সেনাদের। তবে অস্ত্র পরিচালনার নিয়ন্ত্রণ মিনস্কের হাতে দেয়া হবে না।

বেলারুশে আগেই পরমাণু বহনে সক্ষম ১০টি যুদ্ধবিমানও মোতায়েন করেছে রাশিয়া। পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণের জন্য ব্যবহার হতে পারে এমন কিছু ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এরইমধ্যে বেলারুশে স্থানান্তর করা হয়েছে।

ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার পারদ যখন ওপরে, এছাড়া সম্প্রতি রাশিয়ার কয়েকজন কর্মকর্তার সম্ভাব্য পারমাণবিক হামলার বিষয়ে বক্তব্য দেওয়ার পরই এই ঘোষণা দিলেন পুতিন।

কৌশলগত পারমাণবিক অস্ত্রের মূলত ছোট পারমাণবিক ওয়ারহেড এবং ডেলিভারি সিস্টেম যা যুদ্ধক্ষেত্রে সীমিত হামলার জন্য ব্যবহার হয়। এগুলো সাধারণ বোমা থেকে কিছুটা বড়।

পুতিন পারমাণবিক অস্ত্র মোতায়েন বিষয়ে বলেন, এখানে পারমাণবিক অস্ত্র মোতায়েন অস্বাভাবিক কিছু নয়। কারণ দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র এটা করে আসছে। তারা দীর্ঘদিন ধরে তাদের মিত্রদেশগুলোতে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করছে।

অনু/দীপ্ত সংবাদ