দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

বিচ্ছেদের ঘোষণা দিলেন জাস্টিন ট্রুডো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিচ্ছেদের ঘোষণা দিলেন জাস্টিন ট্রুডো

বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (৫১) ও তার স্ত্রী সোফি (৪৮)।

বুধবার (২ আগস্ট) ইন্সটাগ্রামে এক বিবৃতিতে ১৮ বছরের দাম্পত্য জীবন অবসানের ঘোষণা দেন তাঁরা।

বিবৃতিতে এই দম্পতি বলেন, ‘অর্থবহ এবং জটিল কথোপকথনের’ মধ্য দিয়েই তাঁরা এই সিদ্ধান্তে এসেছেন। স্বামী–স্ত্রীর সম্পর্কের অবসান হলেও সন্তানদের নিয়ে ‘গভীর শ্রদ্ধা ও ভালোবাসাসহ ঘনিষ্ঠ পরিবার’ হিসেবেই তাঁরা থাকবেন।

সন্তানদের ‘মঙ্গল ও সম্মানের কথা চিন্তা করে’ বিচ্ছেদের বিষয়টি তাঁরা গোপন রাখতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা প্রকাশ করতে বাধ্য হয়েছেন।

ট্রুডো ও সোফি ২০০৫ সালে বিয়ে করেন। তাদের ৩ সন্তান আছে। সবচেয়ে বড় সন্তানের বয়স ১৫ বছর।

জাস্টিন প্রায়ই প্রকাশ্যে তাঁর স্ত্রীর প্রশংসা করেন। গত এপ্রিলেও সোফির জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাপশনসহ দুটি সেলফি পোস্ট করে ভালোবাসা জানান দেন।

গত মে মাসে মা দিবসের পোস্টে সোফি ও নিজের মাকে সবচেয়ে শক্তিশালী, সাহসী এবং সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে প্রশংসা করেন জাস্টিন। পরে জুন মাসে বাবা দিবসের পোস্টে স্বামীকে প্রশংসায় ভাসান সোফি।

রয়টার্স জানায়, এর আগে ট্রুডোর বাবা ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর ১৯৭৭ সালে তার স্ত্রী মার্গারেটের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে। জাস্টিনের মতো তিনিও তখন প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

এসএ/দীপ্ত নিউজ