দীপ্ত নিউজ
রাজনীতি

বিএনপির সদস্যসচিব আমিনুল হককে জিজ্ঞাসাবাদের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিএনপির সদস্যসচিব আমিনুল হককে জিজ্ঞাসাবাদের নির্দেশ
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক

 

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে পল্টন থানার নাশকতার দুই মামলায় দুই দিন করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তহমিনা হক তাঁর রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে এ নির্দেশ দেন।

সকালে আমিনুল হককে আদালতে হাজির করে পৃথক দুই মামলায় ১০ ও ৭ দিন করে মোট ১৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা।

অন্যদিকে আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবী মো. কামরুজ্জামান সুমন।

এর আগে গতকাল সোমবার (১৫ জানুয়ারি) এই দুই মামলাসহ পল্টন থানার পাঁচটি নাশকতার মামলায় আমিনুলকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী।

আর আজ মঙ্গলবার রমনা থানায় নাশকতার আরও চার মামলায় আমিনুলকে গ্রেপ্তার দেখানো হয়। সব মিলিয়ে ২৮ অক্টোবরের সংঘর্ষের নয়টি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হলো।

উল্লেখ্য, গত বছর ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ১ নভেম্বর মধ্যরাতে রাজধানীর গুলশানে একটি বাসা থেকে আমিনুল হককে আটক করা হয়। এরপর তাঁকে পল্টন থানার নাশকতার একটি মামলায় গ্রেপ্তার দেখানোর পর আট দিনের রিমান্ডে পাঠানো হয়েছিল। এরপর ২১ নভেম্বর আমিনুলকে হাতিরঝিল থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ২৪ নভেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়।

 

এসএ/দীপ্ত নিউজ