শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন: কারাগারে সাবেক ওসি ও এএসআই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন: কারাগারে সাবেক ওসি ও এএসআই

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক ব্যবসায়ীসহ তিন ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে থানায় নির্যাতনের মামলায় থানার সাবেক ওসি ও এএসআইকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (১২ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আস সামছ জগলুল হোসেনের আদালতে তাদের জামিন নামঞ্জুর করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার তাদের দুজনের বিরুদ্ধে একই আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

কারাগারে প্রেরণ করা ওই দুই পুলিশ কর্মকর্তা হলেন সোনারগাঁ থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদ আলম ও উপ-পরিদর্শক (এসআই) সাধন বসাক।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, সরকারি ক্ষমতার অপব্যবহার করে মামলার বাদীকে শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগে ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করা হয়। মামলায় ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় তারা আদালতে আত্মসমর্পণ করেছে।

মামলার বাদী আনিসুর রহমান বলেন, ২০১৮ সালের ৭ অক্টোবর মধ্যরাতে যুবলীগ নেতা জাহিদুল ইসলাম, তার বন্ধু মো. বাবুল ও তাকে সোনারগাঁ থানার তৎকালীন ওসি মোরশেদ আলম ও এসআই সাধন বসাক বাসা থেকে তুলে নিয়ে থানায় নির্যাতন করেন।

 

এমি/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।