একপ্রকার আধিপত্য দেখিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়া জয় পেয়েছে বাংলাদেশ। ২০১৭ সালে মিরপুরে অজিদের প্রথমবার টেস্টে হারানোর পর এবার তাদের মাটিতেই এল দ্বিতীয় জয়।
চার দিনে ১১ সেশনের পুরোটাই শাসন করেছে বাংলাদেশের বোলার–ব্যাটাররা। আর তাই হারের পর কোনো অজুহাত দাঁড় করাননি স্টিভেন স্মিথ।
এবিসি স্পোর্টকে স্মিথ বলেন, ‘হারের কারণটা খুবই সরল। বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে।’
তিনি বলেন, ‘প্রথম দিন সকালে বাংলাদেশ দারুণ বোলিং করেছে। তারা খুবই ডিসিপ্লিনড ছিল। আমাদের ব্যাটসম্যানরা ততটা ডিসিপ্লিনড ছিল না।’
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা অবশ্য ভালো করেছেন। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। প্রথম ইনিংসে বাংলাদেশের লিডই হয়ে দাঁড়ায় বড় পার্থক্য।
স্মিথের ভাষায়, ‘দ্বিতীয় ইনিংসে আমাদের ব্যাটসম্যানরা ভালো করেছে। তবে প্রথম ইনিংসের লিডটা অনেক বেশি ছিল, সেটা আমাদের নাগালের বাইরে ছিল। উইকেট যদিও ভালো ছিল। অনেকে ভালো শুরু পেয়েছিল, তবে ইনিংস বড় করতে পারেনি।’
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন ক্যামেরন গ্রিন। কিন্তু তাঁকে যোগ্য সঙ্গ দিতে পারেননি সতীর্থরা।
স্মিথ বলেন, ‘গ্রিন দারুণ একটা সেঞ্চুরি করেছে, তবে তাকে সঙ্গে দেওয়ার লোক ছিল না। টেস্ট জিততে কমপক্ষে ২০০–এর বেশি রানের লক্ষ্য দেওয়া দরকার ছিল। আর যেটা আগেই বললাম, আমাদের বাংলাদেশ উড়িয়ে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা অনেক দিন ধরে ধারাবাহিক ক্রিকেট খেলছি। এই সপ্তাহটাই শুধু খারাপ গেছে। হ্যাঁ, আমরা অনেক কিছু ভালো করতে পারতাম। তবে বাংলাদেশ যেভাবে খেলেছে, তাদের কৃতিত্ব দিতে হবে।’
এসএ