দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

ফুফাতো বোনকে দেখতে নিক্সন চৌধুরীর বাসায় প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফুফাতো বোনকে দেখতে নিক্সন চৌধুরীর বাসায় প্রধানমন্ত্রী
ফুফাতো বোনকে দেখতে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর বাসায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।

শনিবার (১১ মে) রাতে নিক্সন চৌধুরীর বনানীর বাসায় যান তারা।গতকাল রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান নিক্সন চৌধুরী।

ফেসবুক পোস্টে লেখেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে গতকাল শনিবার রাতে আমাদের বনানীর বাসায়।’

পোস্টে কয়েকটি ছবি যুক্ত করেছেন নিক্সন চৌধুরী। ছবিগুলোতে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার সঙ্গে নিক্সন চৌধুরীর মা, স্ত্রী তারিন হোসেন ও ছেলে রয়েছেন। এছাড়া যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্‌ পরশকেও ছবিতে দেখা যায়।

নিক্সন চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে ইলিয়াস আহমেদ চৌধুরীর ছেলে। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে টানা তিনবার ফরিদপুর–৪ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহকে পরাজিত করে এমপি হয়েছেন।

নিক্সন চৌধুরী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য। তার বড় ভাই নূর–ই–আলম চৌধুরী ওরফে লিটন চৌধুরী জাতীয় সংসদের চিফ হুইফ।