
ফার্মগেটে বিয়ারিং প্যাড খুলে পথচারীর মৃত্যু, মেট্রো চলাচল বন্ধ

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলারের বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে একজন পথচারী নিহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনার পরপরই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের পুরো রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে ঘটনাস্থলেই একজন পথচারী মারা গেছেন। নিহতের নাম ও পরিচয় এখনো জানা যায়নি।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, নিরাপত্তার কারণে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে। কখন চলাচল পুনরায় শুরু হবে তা নিশ্চিত নয়।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর আগারগাঁও এলাকায় একইভাবে একটি বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় মেট্রোরেলের চলাচল ১১ ঘণ্টা বন্ধ ছিল। টানা দ্বিতীয়বার এমন ঘটনা ঘটায় মেট্রোরেলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ডিএমটিসিএল সূত্র জানা গেছে, মেট্রোরেলের উড়াল পথে স্থাপিত প্রতিটি রাবারের বিয়ারিং প্যাডের ওজন প্রায় ১৪০ থেকে ১৫০ কেজি। এসব প্যাড ট্রেন চলাচলের সময় সেতুর ভারসাম্য ও স্থিতি রক্ষা করে। এগুলো ক্ষতিগ্রস্ত হলে বা খুলে পড়লে উড়াল পথ দেবে যাওয়া বা স্থানচ্যুত হওয়ার ঝুঁকি থাকে।








