শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

‘প্রার্থীরা পারস্পরিক বিশ্বাস ও আস্থা রেখে নির্বাচনে সহযোগিতা করবেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
‘প্রার্থীরা পারস্পরিক বিশ্বাস ও আস্থা রেখে নির্বাচনে সহযোগিতা করবেন’

 

প্রার্থীরা কথা দিয়েছেন তারা পারস্পরিক বিশ্বাস ও আস্থা রেখে নির্বাচন প্রক্রিয়াকে সহযোগিতা করবেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে রংপুর সার্কিট হাউজে জেলার ছয় সংসদীয় আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, প্রার্থীরা যদি আচরণবিধি মেনে না চলেন তাহলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীরা পারস্পরিক আস্থা সংরক্ষণ করে আন্তরিক না হলে সুষ্ঠু নির্বাচন করা কঠিন হবে।

এর আগে আজ সকাল ১০টায় এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার। পরে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে আইন–শৃঙ্খলা নিয়ে এক বিশেষ বৈঠকে বসেন সিইসি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।