বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ‘কে দুবাই গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাত পুলিশ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলার প্রেক্ষাপটে ইন্টারপোল সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
বেনজীর গ্রেপ্তার হবার খবর প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন শ্রেণিপেশার মানুষের পাশাপাশি সেই আলোচনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি।
নিজ ফেসবুক অ্যাকাউন্টে বেনজীর আহমেদের গ্রেপ্তারের খবর সংবলিত একটি ফটোকার্ড শেয়ার করেন পরীমনি। তবে দীর্ঘ কোনো মন্তব্য নয়, মাত্র একটি শব্দ লিখেই তিনি নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন।
পোস্ট ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘মজা।’
সংক্ষিপ্ত এই মন্তব্যের ব্যাখ্যা পরীমনি দেননি। কেন এমন প্রতিক্রিয়া জানিয়েছেন, সে বিষয়েও বিস্তারিত কিছু লেখেননি। তবে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা দেখা গেছে।
অনেকেই ধারণা করছেন, ২০২১ সালে ঢাকা বোট ক্লাবে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে পরীমনি‘র জীবনে যে আইনি জটিলতা তৈরি হয়েছিল, ওই প্রসঙ্গের জন্যই হয়তো এমন প্রতিক্রিয়া জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ মে স্ত্রী ও মেয়েদের নিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন বেনজীর আহমেদ। তবে, সেদিন তিনি কোন দেশে গিয়েছিলেন সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র্যাব মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
এসএ