দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

নিখোঁজ গৃহবধূর মরদেহ ডোবা থেকে উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নিখোঁজ গৃহবধূর মরদেহ ডোবা থেকে উদ্ধার
নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়ন থেকে নিখোঁজের দুইদিন পর পারভিন আক্তার (৩৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মোহাম্মদ নগর গ্রামের জয়নাল আবেদীনের নতুন বাড়ির পাশ্ববর্তী একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পারভিন আক্তার ওই বাড়ির জয়নাল আবেদীনের মেয়ে।

নিহতের ভাই রফিকুল ইসলাম লিটন বলেন, পারভিন মানসিকভাবে অসুস্থ্য ছিলো। গত ১০ বছর ধরে তার চিকিৎসা চলছে।কিছুদিন আগে তার স্বামী সোহাগ বিদেশ থেকে মোবাইলে পারভিনকে জানায় সে আমার বিয়ে করবে, তাকে অনুমতি দিতে। এতে পারভিনের মানসিক সমস্যা আরও বেড়ে যায়। পরবর্তীতে শুক্রবার রাত থেকে সে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার।

রবিবার সকালে লিটনের স্ত্রী তাহমিনা আক্তার বাড়ির পাশ্ববর্তী ডোবায় পারভিনের মৃতদেহ ভাসতে দেখে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার ওসি প্রনব চৌধুরী বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

 

এ.এস.এম.নাসিম/পূর্ণিমা/দীপ্ত নিউজ