শিরোনাম
ঢাকা-চট্টগ্রামে বন্ধ হচ্ছে ৬২১ টাকার ডায়ালাইসিস, দুঃশ্চিন্তায় কিডনি রোগী পাজেরো-ল্যান্ড ক্রুজারসহ পড়ে থাকা ৮ গাড়ি নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস স্বর্গে যাওয়ার বিনিময়েও শত্রুদের ক্ষমা করব না: ট্রাম্প দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান বিয়ের আগে যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মেয়াদ শেষ হলে বিদেশে থেকে পাসপোর্ট রিনিউ করবেন যেভাবে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করা হবে: বিসিবি
দীপ্ত নিউজ
জাতীয়

দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন বাধ্যতামূলক করল সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন বাধ্যতামূলক করল সরকার
ছবি: সংগৃহীত

আগামী ২০২৭ সালের ৩১ জানুয়ারির মধ্যে দেশের সব উপজেলার প্রতিটি ইউনিয়নের হাট ও বাজারে আবশ্যিকভাবে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগ থেকে দেশের সব উপজেলা পরিষদ প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, প্রতিটি হাট ও বাজারের স্থায়ী শেড এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বিভিন্ন বাজারে নির্মিত চার–পাঁচতলা ভবনের ছাদের আয়তন বিবেচনায় নিয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে। উৎপাদিত বিদ্যুৎ থেকে নিজস্ব চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত জাতীয় গ্রিডে সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এতে আরও বলা হয়েছে, টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নবায়নযোগ্য জ্বালানির প্রসারে ব্যাপক উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর স্থানীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিদ্যমান দাপ্তরিক মূল ভবন ও আওতাধীন ভবনগুলোতে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

এসব ব্যবস্থায় ন্যূনতম ২ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ রাখতে হবে বলেও চিঠিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহ করতে হবে উল্লেখ করে স্থানীয় সরকার বিভাগ বলেছে, ‘নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫’ অনুযায়ী জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের প্রতি ইউনিটের বিপরীতে ১০ টাকা ৫০ পয়সা পাওয়া যাবে। এতে সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানের রাজস্ব আয় বাড়বে।

এ ছাড়া ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিধিমালা, ২০২৫’–এর বিধি ১০–এর (ঙ) ও (চ) অনুযায়ী, হাট–বাজারের ইজারা আয়ের ১০ শতাংশ সংশ্লিষ্ট হাট–বাজারের রক্ষণাবেক্ষণ বা উন্নয়নে এবং আরও ১০ শতাংশ উপজেলার আওতাধীন হাট–বাজারের রক্ষণাবেক্ষণ বা উন্নয়নে ব্যয়ের জন্য নির্ধারিত রয়েছে। এই অর্থ ব্যবহার করে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও বাণিজ্যিকভাবে সম্প্রসারণ করতে বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনকারী কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট হাট–বাজার কর্তৃপক্ষকে পরবর্তী ২০ বছর মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য নন–জুডিসিয়াল স্ট্যাম্পে চুক্তি করতে হবে ।

 

এসএ