দেশজুড়ে সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ১৬৩০

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীসহ সারাদেশে সহিংসতার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চলছে সাঁড়াশি অভিযান। এরই ধারাবাহিকতায় এখন পর্যন্ত ১ হাজার ৬৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৪ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার কে এন রায় নিয়তি গণমাধ্যমকে জানান, রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৬০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন থানায় গত দুদিনে করা ৩৮টি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, সহিংসতা ও নাশকতার ঘটনায় রাজধানীতে ১২ জুলাই থেকে মঙ্গলবার (২৩ জুলাই) পর্যন্ত ১২ দিনে মামলা হয়েছে ১৩৩টি। এসব মামলায় এ পর্যন্ত ১ হাজার ৬৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গত কয়েকদিনেই গ্রেপ্তার হয়েছে ১ হাজার ১১৭ জনকে। গ্রেপ্তারদের বেশিরভাগই বিএনপি–জামায়াতের নেতাকর্মী। গ্রেপ্তার ১ হাজার ৬৩০ জনের মধ্যে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছেন ১২৬ জন।

উল্লেখ্য, গত এক সপ্তাহের সহিংসতায় সারাদেশে নিহত পুলিশ সদস্যের সংখ্যা ৩ জন এবং আহতের সংখ্যা ১ হাজার ১১৭ জন। ঢাকাসহ সারাদেশে পুলিশের ২৮১টি যানবাহন ভাঙচুর ও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময়ে পুলিশের বিভিন্ন থানা ও ফাঁড়ি মিলিয়ে ২৫৩টি স্থাপনায় ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে।

এদিকে, মঙ্গলবার (২৩ জুলাই) মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, নাশকতাকারীরা বাংলাদেশের যে প্রান্তেই থাকুক, তাদের খুঁজে খুঁজে গ্রেপ্তার করা হবে।

 

রুবায়েত হাসান/এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More