
দুর্গাপূজার ছুটিতে ঢাকা-কক্সবাজার রুটে বিশেষ ট্যুরিস্ট ট্রেন

শারদীয় দুর্গোৎসব ও সাপ্তাহিক ছুটিকে ঘিরে বাড়তি পর্যটক চাপ সামলাতে ঢাকা–কক্সবাজার রুটে বিশেষ ট্যুরিস্ট ট্রেন চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একইসঙ্গে ঢাকা–চট্টগ্রাম রুটেও চলবে বিশেষ ট্রেন।
রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন এই বিশেষ ট্রেন চলাচল করবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ‘ঢাকা স্পেশাল’ ট্রেন চট্টগ্রাম থেকে ছাড়বে বিকাল পৌনে ৩টায় এবং চলবে ৪ অক্টোবর পর্যন্ত। অন্যদিকে ‘চট্টগ্রাম স্পেশাল’ ট্রেন ঢাকা থেকে ছেড়ে যাবে রাত সাড়ে ১০টায়।
ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেন রাত সাড়ে ১০টায় ছেড়ে গিয়ে ভোর ৬টা ৫০ মিনিটে পৌঁছাবে। কক্সবাজার থেকে ফিরতি যাত্রা শুরু হবে সকাল ১১টা ৩০ মিনিটে। প্রতিটি ট্রেনে থাকবে ১৮টি বগি। দিনে আসন সংখ্যা ৮৩৪টি এবং রাতে ৭৮৯টি। ভাড়া নিয়মিত আন্তঃনগর ট্রেনের মতোই।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা সফিকুর রহমান বলেন, “দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি থাকায় কক্সবাজারে পর্যটকদের চাপ বেড়েছে। বিষয়টি মাথায় রেখে এই রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ট্রেনগুলোতে নিয়মিত আন্তঃনগর ট্রেনের মতো সুযোগ–সুবিধা যাত্রীরা উপভোগ করতে পারবেন।”








