প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইংয়ের এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্য হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ১২টায় বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাইয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যার ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং পানিসম্পদের যথাযথ ব্যবস্থাপনার লক্ষ্যে দেশে চলমান নদী খনন কর্মসূচির কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশের নদীভাঙন রোধ, সেচ ব্যবস্থাপনা, নৌ–নেভিগেশন উন্নয়ন এবং বিশেষ করে গুরুত্বপূর্ণ ‘তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে’ চীন সরকারের কারিগরি সহায়তা প্রত্যাশা করেন।
প্রধানমন্ত্রীর এই প্রস্তাবের জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী ইতিবাচক সাড়া দেন এবং পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
লি গোওইং জানান, পানিব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশ চাইলে চীনের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে। দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি বাংলাদেশের পানি বিশেষজ্ঞ এবং এ খাত সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ গ্রহণেরও আহ্বান জানান।
এ সময় চীনের মন্ত্রী ২০০৫ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এবং গত বছর চীনের পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের কথা স্মরণ করে বলেন, পানিসম্পদ ব্যবস্থাপনায় দুই দেশের মধ্যকার বিদ্যমান সহযোগিতা অত্যন্ত বাস্তবভিত্তিক ও গবেষণানির্ভর।