টানা ভারী বর্ষণে গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। চলতি বর্ষা মৌসুমে ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত।
সক্রিয় মৌসুমি বায়ু এবং পশ্চিমা লঘুচাপের সম্মিলিত প্রভাবে অল্প সময়ের মধ্যে এ ভারি বর্ষণ হয়েছে।
রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় সহকারী আবহাওয়াবিদ এস কে এম নাজমুল হক দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
তিনি বলেন, শনিবার ১১ জুলাই সন্ধ্যা ৬টা থেকে আজ (রবিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অথচ পুরো জুলাই মাসে ঢাকায় গড়ে প্রায় ৩৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার কথা।
আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, এপ্রিল–মে মাসে সাধারণত বিচ্ছিন্নভাবে বৃষ্টি হয়। এসময় একই এলাকায় কোথাও বৃষ্টিহীন এ রকম পরিস্থিতি থাকে। কিন্ত জুন–জুলাই মাসে ঢাকার প্রায় সব এলাকাতেই বৃষ্টি হয়।
তিনি বলেন, বর্তমানে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। একই সঙ্গে পশ্চিমা লঘুচাপও কার্যকর অবস্থায় আছে। এই দুই আবহাওয়া ব্যবস্থার সম্মিলিত প্রভাবে বিশেষ করে দেশের মধ্যাঞ্চলে, যেমন ঢাকা, ফরিদপুর ও মাদারীপুর এলাকায় ভারি বৃষ্টিপাত হয়েছে। চট্টগ্রামেও সমান তালে বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের সংরক্ষিত তথ্য অনুযায়ী, ঢাকায় একদিনে সর্বোচ্চ ৩৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল ২০০৪ সালের ১৪ সেপ্টেম্বর। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছিল ২০০৯ সালের ২৮ জুলাই।
এসএ