দীপ্ত নিউজ
বাংলাদেশ

জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষ–ককটেল বিস্ফোরণ, যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষ–ককটেল বিস্ফোরণ, যুবক নিহত

রাজধানী মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে ‘ককটেল বিস্ফোরণে‘ মো. জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ভোর পৌনে ৫টায় মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

জাহিদ জেনেভা ক্যাম্প বাসিন্দা ছিলেন। তিনি ৫ বোন ও ২ ভাইয়ের মধ্যে সবার ছোট। রাজধানী কল্যাণপুরে একটি মোবাইল সার্ভিসিং দোকানে তিনি কাজ করতেন। তার বাবার নাম মো. ইমরান (মৃত)।

নিহত জাহিদের ভগ্নিপতি রবিন হোসেন বলেন, ভোরে জেনেভা ক্যাম্পের ভেতরে দুই পক্ষের মধ্যে মারামারি চলছিল। সে সময়ে জাহিদ বাসা থেকে বাইরে বের হন। একটু সামনের দিকে এগিয়ে যান। তখন একটি ককটেল এসে তাঁর মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

মোহাম্মদপুর থানা ডিউটি অফিসার মো. আতিকুর রহমান জুয়েল জানান, ভোরে খবর আসে, জেনেভা ক্যাম্পে দ্রুই গ্রুপের মধ্যে ব্যাপক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এরপর দ্রুত ঘটনাস্থলে টিম পাঠানো হয়। তবে ততক্ষণে পরিস্থিতি শান্ত হয়ে যায়।

 

এসএ