শিরোনাম
দীপ্ত নিউজ
রাজনীতি

জামিন মেলেনি, বিএনপি নেতা আমানকে কারাগারে পাঠানোর নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
জামিন মেলেনি, বিএনপি নেতা আমানকে কারাগারে পাঠানোর নির্দেশ

দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ঢাকার বিশেষ জজ আদালত–১–এর বিচারক আবুল কাশেমের আদালতে তিনি আত্মসমর্পণ করেন। এরপর আইনজীবী সৈয়দ নজরুল ইসলামের মাধ্যমে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ৩ সেপ্টেম্বর এ মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আমানের স্ত্রী সাবেরা আমান। জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর গত ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত তার জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আগামী ১৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

উল্লেখ্য, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন বিশেষ জজ আদালতের রায়ে আমানকে ১৩ বছরের ও তার স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়। এই রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে আপিল করেন। এরপর ২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্ট আপিল মঞ্জুর করে তাদের খালাস দেন।

পরবর্তীতে দুদক আপিল করলে ২০১৪ সালের ২৬ মে আপিল বিভাগ ওই রায় বাতিল করে হাইকোর্টকে মামলাটির আপিল পুনঃশুনানির নির্দেশ দেন। এরপর গত সাত আগস্ট হাইকোর্ট আমানের ১৩ বছরের কারাদণ্ড ও তার স্ত্রী সাবেরা আমানের তিন বছরের দণ্ডের রায় বহাল রেখে রায় প্রকাশ করেন। আদালতে রায় পৌঁছানোর ১৫ দিনের মধ্যে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়।

শায়লা/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।