
আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির

‘নির্বাচনের সময় নানা অনুনয়–বিনয়। আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে‘— বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, সরকারের ব্যর্থতা, চাঁদাবাজি, দ্রব্যমূল্য বৃদ্ধি ও সীমান্ত দিয়ে মাদক প্রবেশের করছে। দেশ চালাতে না পারলে সরকারের অবিলম্বে সরে দাঁড়ানো উচিত।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বিএনপি নতুন নতুন মনগড়া বয়ান তৈরি করছে। আমরা নাকি পরিত্যক্ত ফ্যাসিস্টদের সঙ্গে হাত মেলাচ্ছি। অথচ বাস্তবতা হলো, আপনারা নির্বাচনের সময় আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়েছেন। শেখ হাসিনা নিজেই বলেছেন, হাতে–পায়ে ধরে ভোট নিয়ে এখন বেইমানি করা হচ্ছে। তাদের দলের নেতারাও বলেছেন, ৯৫টি আসনে হেরে যাওয়া বিএনপিকে তারা ভোট দিয়ে জিতিয়েছেন।
তিনি বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডারদের সমাজের ও দলের গুরুত্বপূর্ণ জায়গায় স্থান দেয়া হচ্ছে। অন্যদিকে সীমান্ত থেকে টাকা ও অস্ত্র আসার কথা বলে বিরোধীদের ওপর দোষ চাপানো হচ্ছে। তিনি প্রশ্ন রেখে বলেন, সীমান্ত দিয়ে যদি টাকা, অস্ত্র ও মাদক ঢোকে, তাহলে সরকার তা ঠেকাতে পারছে না কেন? যে সরকার সীমান্ত সুরক্ষিত রাখতে পারে না, তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।
বিরোধীদলীয় নেতা বলেন, চাঁদাবাজদের কারণে এক টাকার জিনিস জনগণকে ৩ টাকায় কিনতে হচ্ছে। পঞ্চগড়ে দাম না পেয়ে কৃষক চারটি লাউ এক টাকায় বিক্রি করছে কিংবা ফেলে দিচ্ছে, আর ঢাকায় সাধারণ মানুষকে একটি লাউ কিনতে হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। চাঁদাবাজির এই নির্মম বোঝা সাধারণ মানুষের ওপর করের মতো চেপে বসেছে।
জামায়াত আমির বলেন, দশকের পর দশক ধরে সেবা দেওয়া প্রতিষ্ঠানটিতে রাতের আঁধারে হামলা ও লুটপাট করা হলো। অপরাধের দায়ে কেবল দলীয় এমপিকে পদত্যাগ করিয়ে দায় এড়ানো হয়েছে। কেন তাঁকে আইনের আওতায় আনা হলো না? প্রশাসন কি শুধুই ‘হোয়াইটওয়াশ’ করতে চায়?
তিনি আরও বলেন, চাঁদাবাজি এমন পর্যায়ে পৌঁছেছে যে বিএনপির সাধারণ কর্মীরাও নিজেদের দলের চাঁদাবাজদের হাত থেকে রেহাই পাচ্ছে না।
ডা. শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অন্য সব মন্ত্রণালয় নিয়ে পারদর্শী হলেও নিজের মন্ত্রণালয় সামলাতে পারছেন না। খোদ সরকারি দলের জ্যেষ্ঠ সংসদ সদস্যই সংসদে বলেছেন, মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়ে। দিনের বেলা ৫০টি ট্রাকে ডাকাতির ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির এই ভয়াবহ অবনতি ধামাচাপা দিতে সরকার বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে।
এসএ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।