মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

জামিন পেলেন শিশু সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজধানীর তেজগাঁও থানায় করা হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগের নেত্রী মোসা. শিল্পী বেগমকে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন। এদিন দুপুরে ওই নারীর জামিন নাকচ করে শিশুসন্তানসহ কারাগারে পাঠানোর আদেশ দেন সিএমএম কোর্ট।

আদালতের সাধারণ নিবন্ধন শাখার মুন্সি হামিদ জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এদিন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আসামি শিল্পীকে তার এক মাস ১৬ দিন বয়সী সন্তানসহ হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

মামলার নথি থেকে জানা গেছে, গতকাল সোমবার (২০ এপ্রিল) রাতে গোপন তথ্যের ভিত্তিতে শিল্পী বেগমকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ২০২৫ সালের ২৫ জানুয়ারি তেজগাঁও থানায় দায়ের করা এক মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।

এজাহারে বলা হয়, ২০২৪ এর জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ মুবিন রাতুলের ওপর ও পরে তার বাসায় হামলা এবং পাঁচ লাখ টাকা লুটপাটের ঘটনায় শিল্পী বেগমের সম্পৃক্ততা পাওয়া গেছে। গত বছরের ১ জানুয়ারি ওই ঘটনায় ভুক্তভোগীর মা শাহনূর খানম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১০৩ জন ও অজ্ঞাত আরও ১২০-৩০ জনের বিরুদ্ধে মামলা করেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More