বাজারে একটি খুঁটির সঙ্গে বাঁধা বাবা। চারপাশে মানুষের ভিড়। সেই ভিড় ঠেলে বাবার কাছে ছুটে আসে ছোট্ট মেয়ে। সারারাত না খেয়ে থাকা বাবার জন্য কিনে আনে রুটি আর চা। এরপর নিজ হাতে বাবার মুখে তুলে দেয় খাবার।
বাবা–মেয়ের এই দৃশ্য মুহূর্তেই ছুঁয়ে যায় উপস্থিত সবার হৃদয়। পরে সেই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয় আবেগঘন প্রতিক্রিয়া। ঘটনাটি বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল বাজারের।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদার নামে এক যুবককে আটক করে স্থানীয়রা। পরে তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।
খবর পেয়ে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বাবাকে দেখতে ঘটনাস্থলে ছুটে আসে মেয়ে। বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখে সে বাজারের একটি দোকান থেকে রুটি ও চা কিনে আনে। এরপর সারারাত অনাহারে থাকা বাবার মুখে নিজের হাতে খাবার তুলে দেয়।
ঘটনাটি দেখে স্থানীয় এক যুবক মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। ভিডিওতে বাবার মুখে মেয়েকে খাবার তুলে দিতে দেখা যায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে।
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, মেয়েটি বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা দেখে ছুটে আসে। পরে রুটি ও চা এনে নিজের হাতে বাবাকে খাওয়ায়। দৃশ্যটি দেখে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
আরেক স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম বলেন, চুরির অভিযোগের বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তি হওয়া উচিত। তবে বাবার প্রতি মেয়েটির যে মমতা দেখেছি, সেটি সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল ৯টার দিকে স্থানীয়রা অনিক সরদারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেন।
উজিরপুর থানা পুলিশ পরিদর্শক মো. ফারুক বলেন, চুরির অভিযোগে একজনকে আটকের খবর পাওয়ার পর ঘটনাস্থলে মোবাইল টিম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছেন।
এসএ