
গণভবনে জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে বসেছে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটি।
রবিবার (৪ আগস্ট) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।
সভায় ২৭ সদস্যের কমিটির সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্র, আইন, অর্থ, পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী; বিদ্যুৎ–জ্বালাানি, তথ্য–সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। এ ছাড়াও মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, প্রতিরক্ষা সচিব, জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগের সচিব রয়েছেন কমিটির সদস্য হিসেবে।
উল্লেখ্য, ২০১৯ সালে গঠিত নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির কাজ হচ্ছে– দেশের নিরাপত্তা এবং প্রতিরক্ষা সংক্রান্ত যাবতীয় সমস্যাবলি ও কার্যক্রমের পুনরীক্ষণ; দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত পরিস্থিতি মূল্যায়ন ও পুনরীক্ষণ; দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়াদির ওপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান ও প্রয়োজনবোধে মন্ত্রিসভার জন্য সুপারিশ প্রণয়ন এবং সংশ্লিষ্ট বিষয়াদি।
প্রসঙ্গত, সবশেষ গত ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনের প্রায় দেড় মাস আগে ২০২৩ সালের ১৫ নভেম্বর এ কমিটি বৈঠকে বসেছিল।
এসএ/দীপ্ত সংবাদ








