পড়ালেখার পাশাপাশি সবাইকে খেলাধুলা করতে হবে। রাষ্ট্র ও সরকার তোমাদের পাশে আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২ মে) বিকালে সিলেট জেলা স্টেডিয়াম থেকে একসঙ্গে সারাদেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের ওপর আগামীর বাংলাদেশ নির্ভর করছে। আমি চাই তোমরা খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের হয়ে সারা পৃথিবীতে প্রতিনিধিত্ব করবে। তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ।
তিনি বলেন, তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে। পড়ালেখার পাশাপাশি সবাইকে খেলাধুলা করতে হবে। রাষ্ট্র ও সরকার তোমাদের পাশে আছে।
সরকার প্রধান বলেন, ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দেবে তোমরাই। আমাদের সময় প্রায় শেষ। আমরা শুরু করে দিয়ে যাব, তোমাদেরকেই এগিয়ে নিতে হবে। তোমাদের মধ্য থেকেই একদিন বড় খেলোয়াড় হবে, বড় মানুষ হবে, নেতা হবে, প্রধানমন্ত্রী হবে।
উল্লেখ্য, শিশু–কিশোরদের প্রতিভা অন্বেষণে ১৯৭৬ সালে যাত্রা শুরু করেছিল নতুন কুঁড়ি। বাংলাদেশ টেলিভিশনে আশির দশকের জনপ্রিয় এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক প্রতিভা উঠে আসে শিল্প অঙ্গনে। বহু বছর পর সেই পরিচিত নাম আবার ফিরে এসেছে, তবে এবার মঞ্চ নয়, সবুজ মাঠ–গালিচায়। যাত্রা শুরু হলো নতুন এক স্বপ্ন– ‘নতুন কুঁড়ি স্পোর্টস’এর।
এসএ