শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ক্যাশলেস বা নগদবিহীন প্রচারণা শুরু

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ক্যাশলেস বা নগদবিহীন প্রচারণা শুরু

নগদ টাকার ব্যবহার কমানোর লক্ষ্যে ক্যাশলেস বা নগদবিহীন প্রচারণা শুরু হয়েছে। প্রথম অবস্থায় রাজধানীর মতিঝিলে এ উদ্যোগ বাস্তবায়ন করছে বাংলাদেশ ব্যাংক। কিউআর কোড ব্যবহার করে সহজেই লেনদেন করতে পারছেন ক্রেতা-বিক্রেতারা। তবে, আজ প্রথম দিনে নগদ টাকাও লেনদেন হয়েছে।

ঢাকার মতিঝিল এলাকার প্রায় সকল দোকানে এভাবে ঝোলানো কিউআর কোড। চায়ের দোকান থেকে শুরু করে মুদি দোকান, খাবারের হোটেল এমনকি ভ্রাম্যমাণ দোকানগুলোতেও এই ব্যবস্থা রাখা হয়েছে। এর মাধ্যমে ক্রেতারা খুব সহজে ব্যাংকের অ্যাপ ব্যবহার করে অথবা মোবাইল ব্যাংকিং ও কার্ড সেবার মাধ্যমে নগদ টাকা ছাড়াই বিল পরিশোধ করতে পারছেন।

সর্বজনীন পরিশোধ সেবায় নিশ্চিত হবে স্মার্ট বাংলাদেশ- এই স্লোগানে ক্যাশলেস বা নগদবিহীন বাংলাদেশের প্রচারণা শুরু হয়েছে বুধবার। এ প্রচার কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন ব্যাংকের কর্মকর্তারা।

মতিঝিলে সরেজমিনে দেখা যায়, অতিক্ষুদ্র পেশায় নিয়োজিত ব্যক্তিও কিউআর কোড ব্যবহার করে পাওনা পরিশোধ করতে পারছেন। যা সহজ ও ঝামেলামুক্ত। তবে প্রথম দিন হওয়ায় নগদ টাকার ব্যবহার বেশি দেখা গেছে। আবার অনেক দোকানি নানা কারণে ব্যাংকের হিসাব খুলতে পারেননি।

পর্যায়ক্রমে এই সেবা সারাদেশে ছড়িয়ে পড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।