সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা ও বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে অনুদান বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি এবার দুর্গাপূজা উপলক্ষে ছুটি একদিন বাড়িয়ে দিয়েছেন তিনি। এতে পূজায় টানা পাঁচ দিন ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
জানা গেছে, দুর্গাপূজার জন্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট প্রধানমন্ত্রীর কাছে চার কোটি টাকা অনুদান চেয়েছিল। প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। একইভাবে বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দান অনুষ্ঠানের জন্য বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট দুই কোটি টাকা চেয়েছিল, প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় তাদের তিন কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।
এছাড়া এ বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে সরকারের নির্বাহী আদেশে ছুটি থাকবে। ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে থাকবে সাধারণ ছুটি। পরদিন ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস–আদালত খোলা থাকার কথা ছিল। কিন্তু ওই দিনও ছুটি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার
সাপ্তাহিক ছুটি। ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা।
এ বিষয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃগোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী এক দিন ছুটি বাড়ানোয় আমরা মোট পাঁচদিন ছুটি পাচ্ছি। এতে উৎসবটা পরিপূর্ণ ও স্বস্তিদায়ক হবে। আর অনুদান বাড়িয়ে দেওয়ায় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান—সব সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে।
দুর্গাপূজা ও বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে অনুদান বাড়ালেন প্রধানমন্ত্রী
98