দীপ্ত নিউজ
রাজনীতি

আসল ‘মাস্টারমাইন্ড’ জয় হলে আশ্চর্যের কিছুই থাকবে না : সোহেল তাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আসল ‘মাস্টারমাইন্ড’ জয় হলে আশ্চর্যের কিছুই থাকবে না : সোহেল তাজ

দুই মাসের মাথায় শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনের কৃতিত্বের দাবি নিয়ে কথা উঠেছে। আলোচনা হচ্ছে আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ কে বা কারা। এ নিয়ে এবার কথা বলেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে সোহেল তাজ লিখেছেন, আজকে পত্রিকায় পড়লাম বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেছেন যে, ছাত্র–জনতার অভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ তারেক রহমান। আবার জামায়াতের আমির শফিকুর রহমান সাহেব বলেছেন, এই গণঅভ্যুত্থানের কৃতিত্ব ছাত্র–জনতার, কোনো দলের নয়। আবার কিছুদিন আগে প্রধান উপদেষ্টা বলেছেন– এই গণঅভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ হচ্ছে মাহফুজ।

তিনি আরও লিখেন, আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না যদি কয়েকদিন পর শোনা যায় যে আসল ‘মাস্টারমাইন্ড’ হচ্ছে সজীব ওয়াজেদ জয়। আমাদের সবার নিশ্চই মনে আছে, বেচারা প্রিন্স চার্লসের কত বছরই না অপেক্ষা করতে হয়েছিল রাজা হওয়ার জন্য।

সোহেল তাজের করা পোস্টে আজ রবিবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত ১৫ হাজারর বেশি মানুষ কমেন্ট করেছেন। শেয়ারও করেছেন হাজারের বেশি মানুষ।

উল্লেখ্য, নিউইয়র্কে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশ্বমঞ্চে তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে এই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। মূলত এর পর থেকেই ‘মাস্টারমাইন্ড’ শব্দটি নিয়ে শুরু হয় আলোচনা।

এরপর গতকাল শনিবার (১২ অক্টোবর) বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দাবি করেছেন, আন্দোলনের একমাত্র ‘মাস্টারমাইন্ড’ হচ্ছেন তারেক রহমান।

 

এসএ