বুধবার, জুন ৩, ২০২৬
বুধবার, জুন ৩, ২০২৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারীপুরুষসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

বুধবার (৩ জুন) দুপুরে কাশিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে কাশিপুর গ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ব্রাজিল ২০ গোলে পরাজিত হওয়ার পর ধারাভাষ্যকারের মাইকে দেওয়া একটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়।

বুধবার দুপুরে পূর্বের ঘটনার জেরে দুই পক্ষের লোকজন আবারও তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে নারীপুরুষসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আখলাছ আহমেদ প্রিয়/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More