শিরোনাম
দীপ্ত নিউজ
বিনোদন

১৩১ কারিগরের ২৫৬ ঘণ্টার পরিশ্রমে তৈরি আমির-গৌরীর বিয়ের আংটি

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
১৩১ কারিগরের ২৫৬ ঘণ্টার পরিশ্রমে তৈরি আমির-গৌরীর বিয়ের আংটি
মুকুটের আদলে তৈরি আমির-গৌরীর বিয়ের আংটিতে নিখুঁত ভিনটেজ নকশা ফুটিয়ে তুলতে ১৩১ জন দক্ষ কারিগরের ২৫৬ ঘণ্টারও বেশি সময় লেগেছে।

বলিউড সুপারস্টার আমির খান ও গৌরী স্প্র্যাট সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত ৫ জুলাই মুম্বাইয়ের বান্দ্রায় আমিরের বাসভবনে আয়োজিত ঘরোয়া এই অনুষ্ঠানে তার সাবেক দুই স্ত্রী, তিন ছেলে–মেয়ে, পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও বন্ধুরা উপস্থিত ছিলেন। বিয়েতে আমির খান অফ–হোয়াইট রঙের আংরাখা কুর্তা এবং কনে গৌরী আইভরি রঙের লেহেঙ্গা পরেছিলেন।

তবে বিয়ের সাজের চেয়েও বর্তমানে নেটদুনিয়ায় সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে নবদম্পতির হাতের এক জোড়া আংটি। আমির খান তার তৃতীয় বিয়েতে সাধারণ হীরার আংটির বদলে বেছে নিয়েছেন মাদাগাস্কার থেকে সংগৃহীত পৃথিবীর অন্যতম বিরল গাঢ় লাল রঙের ‘অক্সব্লাড’ রুবি পাথরের আংটি।

ভারতীয় বিনোদন ও লাইফস্টাইল বিষয়ক প্ল্যাটফর্ম পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, অত্যন্ত দুর্লভ এই প্রাকৃতিক ক্যাবোশন–কাট রুবি পাথরটি খুঁজে বের করতেই জুয়েলারি সংস্থাটির প্রায় তিন মাস সময় লেগেছে।

মুম্বাইয়ের লাক্সারি জুয়েলারি ব্র্যান্ড ‘কুইন জুয়েলস’ এই আংটিগুলো তৈরি করেছে। তাদের দাবি, এমন গুণগত মানের রুবি দশ লাখে মাত্র একটি পাওয়া যায়। মুকুটের আদলে তৈরি সোনার রাজকীয় ফ্রেমের ওপর পাথরটি বসাতে এবং নিখুঁত ভিনটেজ নকশা ফুটিয়ে তুলতে ১৩১ জন দক্ষ কারিগরের ২৫৬ ঘণ্টারও বেশি সময় লেগেছে।

চারপাশের প্রাকৃতিক হীরার অলঙ্করণে তৈরি এই আংটি জোড়ার মূল্য যে আকাশছোঁয়া, তা আর বলার অপেক্ষা রাখে না। ব্যক্তিগত জীবনের এই বিশেষ মুহূর্তে এটি অবশ্য আমিরের প্রথম বিরল উপহার নয়; জানা গেছে, বাগদানের সময়ও তিনি গৌরীকে ব্রাজিলের দুর্লভ অ্যাকোয়ামেরিন পাথরের একটি আংটি উপহার দিয়েছিলেন।

প্রসঙ্গত, আমির খানের এটি তৃতীয় বিয়ে। এর আগে তিনি ১৯৮৬ সালে রিনা দত্তকে এবং ২০০৫ সালে নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেছিলেন। অন্যদিকে, বেঙ্গালুরুরের বিউটি অ্যান্ড ওয়েলনেস খাতের নামী ব্যক্তিত্ব গৌরী স্প্র্যাটেরও এটি দ্বিতীয় বিয়ে। আগের সংসারে তার একটি পুত্রসন্তান রয়েছে।