রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আকাশপথে কনে এনে মায়ের স্বপ্ন পূরণ প্রবাসী যুবকের

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নেত্রকোনার আটপাড়া উপজেলায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে হেলিকপ্টারে কনে এনে মায়ের বহুদিনের স্বপ্ন পূরণ করেছেন মালয়েশিয়া প্রবাসী এক যুবক।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে এই বিরল আয়োজনকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় ব্যাপক আনন্দ।

জানা গেছে, আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের কুলশ্রী গ্রামের মৃত আছাব উদ্দিন তালুকদারের ছেলে মালয়েশিয়া প্রবাসী রাজিব তালুকদার পাশের মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের সাখাওয়াত হোসেনের মেয়ে রাইসা আক্তারকে বিয়ে করেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে হেলিকপ্টারে করে নিজ বাড়িতে নিয়ে আসেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, রাজিবের মা দীর্ঘদিন ধরেই ইচ্ছা পোষণ করতেন ছেলের বিয়েতে যেন থাকে ভিন্নধর্মী আয়োজন। ছেলের বিয়ে হেলিকপ্টারে সম্পন্ন করার সেই স্বপ্ন অবশেষে বাস্তবে রূপ নেয়। শুধু তাই নয়, ছেলের সঙ্গে হেলিকপ্টারে চড়ে নিজেই পুত্রবধূকে বাড়িতে নিয়ে আসেন তিনি।

রাজিবের মা বলেন, ‘আমার বহুদিনের স্বপ্ন ছিল ছেলেকে হেলিকপ্টারে করে বিয়ে করাবো। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। ছেলের সঙ্গে আমিও হেলিকপ্টারে করে আমার পুত্রবধূকে বাড়িতে নিয়ে এসেছি।

হেলিকপ্টারে নবদম্পতির আগমনকে কেন্দ্র করে কুলশ্রী গ্রামসহ আশপাশের এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। বিরল এ দৃশ্য দেখতে নারী, পুরুষ ও শিশুসহ শত শত মানুষ ভিড় করেন। অনেকেই মোবাইল ফোনে মুহূর্তটি ধারণ করেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, গ্রামের মানুষ এমন বিয়ে সচরাচর দেখেন না। তাই সবাই মিলে ব্যতিক্রমী এ আয়োজন উপভোগ করেছেন।

এলাকাবাসীর ভাষ্য, হেলিকপ্টারে কনে আনার এই আয়োজন শুধু দুই পরিবারের কাছেই নয়, পুরো এলাকার মানুষের কাছেও স্মরণীয় হয়ে থাকবে। রাজিবের ব্যতিক্রমী এ বিয়ে এখন উপজেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More