অনলাইনে রিটার্ন দাখিল সহজ করল এনবিআর

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রিটার্ন দাখিলের জন্য ই–রিটার্ন সিস্টেম আপগ্রেড করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে এই আপডেটেড সিস্টেমটি করদাতাদের জন্য উন্মুক্ত করা হবে। এনবিআর এ তথ্য নিশ্চিত করেছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) এনবিআরের পরিচালক (জনসংযোগ) সৈয়দ মু’মেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ই–রিটার্ন সিস্টেম আপগ্রেডের ফলে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজে অনলাইনে রিটার্ন তৈরি ও দাখিল করতে পারবেন। নতুন সিস্টেমটি ব্যবহার করে করদাতারা অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন, অথবা অফলাইনে রিটার্ন দাখিলের জন্য প্রিন্ট নিতে পারবেন। এছাড়া, অনলাইন ব্যাংকিং, ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (যেমন নগদ, বিকাশ, রকেট ইত্যাদি) ব্যবহার করে কর পরিশোধের সুবিধাও থাকবে। রিটার্ন দাখিলের পর তাত্ক্ষণিকভাবে প্রমাণ ও রসিদ প্রাপ্তি, আয়কর পরিশোধ সনদ ও টিআইএন সনদ প্রাপ্তি, এবং পূর্ববর্তী কর বছরের দাখিলকৃত ই–রিটার্নের কপি ডাউনলোড করার সুবিধাও থাকবে।

ই–রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করার জন্য টিআইএন এবং করদাতার নামের বায়োমেট্রিক ভেরিফায়েড মোবাইল নম্বর প্রয়োজন হবে।

এনবিআর আশা করছে, নতুন আপডেটেড সিস্টেমটি করদাতাদের জন্য আরো সুবিধাজনক এবং স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করবে।

ব্যক্তিশ্রেণির করদাতারা www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে ২০২৪–২০২৫ কর বছরের ই–রিটার্ন দাখিল করতে পারবেন।

এনবিআর জানিয়েছে, ২০২১ সালে সিস্টেম চালু হওয়ার পর থেকে ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২১–২০২২ কর বছরে ৬১,৪৯১ জন; ২০২২–২০২৩ কর বছরে ২,৪৪,৪৮১ জন এবং ২০২৩–২০২৪ কর বছরে ৫,২৬,৪৮৭ জন আয়কর রিটার্ন দাখিল করেছে।

আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More